
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক আনজাম খালেক।
প্রায় এক যুগের সাংবাদিকতা জীবনে মাঠপর্যায়ের রিপোর্টিং, অনুসন্ধানী সংবাদ ও বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ, পেশাদার ও বিশ্বাসযোগ্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ ও অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, স্পেশাল রিপোর্ট অ্যাওয়ার্ড এবং সেরা সাংবাদিকের অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।
ডিবিসি নিউজে যোগদানের আগে তিনি টানা তিন বছর গ্লোবাল টেলিভিশনে বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এসএ টিভি, সময় টেলিভিশন, আনন্দ টিভি, একুশে টেলিভিশন ও ভয়েস টিভিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব গণমাধ্যমে তিনি একাধিক প্রভাবশালী অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেন, যা জনস্বার্থ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাংবাদিকতা জীবনের শুরু থেকেই তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গার জনপ্রিয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকাসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করার মাধ্যমে গড়ে ওঠে তার সাংবাদিকতার ভিত্তি।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও কল্যাণ প্রশ্নেও তিনি সক্রিয়। বর্তমানে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করা সংগঠন ইউনাইটেড মিডিয়া ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে আনজাম খালেক চুয়াডাঙ্গা জেলার কৃতিসন্তান। চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার এই সন্তান স্থানীয় পর্যায় থেকে জাতীয় গণমাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার এই যোগদানে ডিবিসি নিউজের সংবাদ বিভাগ আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনে নতুন মাত্রা যুক্ত হবে বলে তারা আশাবাদী।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনজাম খালেকের পেশাগত জীবনে শুরু হলো আরও দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
Share this content:



Post Comment